দেশের উন্নয়ন ধরে রাখতে হলে সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস, ২০২১ উপলক্ষ্যে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
দুদক চেয়ারম্যানের সভাপতিত্বে এ আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান ও মো. জহুরুল হক, দুদক সচিব ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার, মহাপরিচালক আ ন ম আল ফিরোজ, দুদক প্রধান কার্যালয়ের পরিচালক মো. সফিকুর রহমান ভুঁইয়া, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এস এম মফিদুল ইসলাম, বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুজ্জামান প্রমুখ।
আলোচনাসভায় আলোচকগণ পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এ সময় তারা স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের সব শহিদদের, সম্ভ্রম হারানো মা-বোনদের। আরো স্মরণ করেন জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধাসহ সে সময়ের আপামর জনগণকে, যাদের অসামান্য অবদান ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা।
