বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের মহাত্মা গান্ধী বা বাপু। এই দুই কালজয়ী মানুষকে শ্রদ্ধা জানানোর জন্য একসঙ্গে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘর। ভারতে এর আগেই চালু হলেও এবার বাংলাদেশে এই জাদুঘরের উদ্বোধন করা হলো।
গতকাল শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘর উদ্বোধন করেছেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানাও উপস্থিত ছিলেন।
এই জাদুঘরে দুই নেতার বিভিন্ন উল্লেখযোগ্য সময়ের বর্ণনা সংবলিত ডিজিটাল উপস্থাপনা রয়েছে। এটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে কিছুদিন রাখার পর শিল্পকলা একাডেমিতে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
