বিনোদন রিপোর্ট
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টারের সহযোগিতায় আজ একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পণ্ডিত অজয় চক্রবর্তীর পরিচালনায় সংগীতবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, গত শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানমালার ১০ম দিনের প্রতিপাদ্য ছিল ‘স্বাধীনতার পঞ্চাশ বছর ও অগ্রগতির সুবর্ণরেখা’। এ দিনের সাংস্কৃতিক পর্বে ছিল নানামাত্রিক আয়োজন। সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মঞ্চে গাইতে ওঠেন পণ্ডিত অজয় চক্রবর্তী। বঙ্গবন্ধুকে নিয়ে একে একে গেয়ে শোনান সংস্কৃত, হিন্দি ও বাংলা ভাষায় ৩টি রাগ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই রাগ ভারতীয় সংগীতে গাওয়া হয়নি, এবারই প্রথম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহার এই গান।’
বঙ্গবন্ধুকে ‘নদীমাতৃক, অতিথিপরায়ণ, সুরুচিপূর্ণ, সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল, সংগীতপ্রেমী, বাংলাদেশের রূপকার’ হিসেবে উল্লেখ করে অজয় চক্রবর্তী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বপ্রথম আমার স্বশ্রদ্ধ প্রণাম জানাই তার জন্মশতবর্ষে। তিনি আজ এই ঐতিহাসিক অনুষ্ঠানে স্বশরীরে না থাকলেও অবশ্যই উপস্থিত আছেন।’
