শেখ আব্দুল হাকিম, শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
শ্যামনগর উপজেলায় ভূরুলিয়া ইউনিয়নে খানপুর হতে নূরনগর সড়কের ওপরে দীর্ঘ ৪৫ বছর পূর্বে যমুনা নদীর ওপরে নির্মিত ব্রিজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইটভাটার কাজে ব্যবহূত বিভিন্ন জায়গা থেকে মাটিভর্তি ডাম্পার গাড়ির অবাধ চলাচলে ব্রিজটির মধ্যখানে ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে ব্রিজটি ধসে জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।
স্থানীয় আব্দুর রউফ ও সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী জানান, ইটভাটার ডাম্পার গাড়িতে অতিরিক্ত মাটি বহনের কারণে অনেক পুরোনো ব্রিজটির মধ্যখানে ভেঙে গেছে। দ্রুত মেরামতের পদক্ষেপ না নিলে যে কোনো সময় বিপদ হতে পারে।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাও. ফারুক হোসাইন বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে। উপজেলা সহকারী প্রকৌশলী (এলজিইডি) সামছুল আলম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। শিগিগরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
