গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় যৌতুকের দাবিতে আগুনে ঝলসে দেওয়া সেই গৃহবধূ শারমিন আকতার (২২) শুক্রবার গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। নিহত শারমিন আকতার গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কাবিলের বাজার গ্রামের কোরবান আলীর স্ত্রী ও একই ইউনিয়নের ছালামের মোড় গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। শনিবার দুপুরে গাইবান্ধা সদর থানার ওসি মো. মাহফুজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৩ মার্চ যৌতুকের জন্য স্বামী-শাশুড়ি মিলে শারমিন আকতারকে মারপিট ও শরীরে আগুন দিয়ে ঝলসে দেয়। পুলিশ ঘটনার পর স্বামী কোরবান আলী ও শাশুড়ি কুলসুম বেগমকে গ্রেফতার করে। খবর পেয়ে ঘটনার দিন রাতেই শারমিনকে স্বজনরা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে এক দিন চিকিত্সাধীন থাকার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। শুক্রবার গভীর রাতে চিকিত্সাধীন অবস্থায় শারমিন মারা যান। গ্রেফতারকৃত স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা হয়েছে।
