ইত্তেফাক রিপোর্ট
দুবাইয়ের পর এবার দেশে ব্রোকারেজ হাউজের শাখা হিসেবে প্রথম বারের মতো খোলা হচ্ছে ‘ডিজিটাল বুথ’। আগামী ৩১ মার্চ এ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে ভোলা জেলায় ডিজিটাল বুথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড। পরে রাঙ্গামাটি জেলায় ৮ এপ্রিল আরেকটি বুথ উদ্বোধন করবে প্রতিষ্ঠানটি। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ ডিজিটাল বুথ উদ্বোধন করবে আইল্যান্ড সিকিউরিটিজ। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, সাতক্ষীরা, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জের উল্লাহপারা, নীলফামারীর সৈয়দপুর, চাঁদপুরের হাজীগঞ্জসহ আরো বিভিন্ন জায়গায় ডিজিটাল বুথ খোলার জন্য আবেদন করেছে প্রতিষ্ঠানটি। ডিএসই যাচাই-বাছাই শেষে বিএসইসি অনুমোদন দিলে ঐসব জেলায় বুথ খোলা হবে।
তথ্য মতে, ভোলা জেলায় ৩১ মার্চ ডিজিটাল বুথ আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতি চলছে। ঐ দিনই ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর নির্ধারিত সময়ে অর্থাত্ সকাল ১০টায় বুথ থেকে লেনদেন কার্যক্রম শুরু করা হবে। তবে লেনদেন শুরুর আগের দিন অর্থাত্ ৩০ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যায় প্রশিক্ষণমূলক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ডিজিটাল বুথ উদ্বোধনের কার্যক্রম শুরু হবে। আইল্যান্ড সিকিউরিটিজের ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভোলা জেলার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির। এদিকে রাঙ্গামাটি জেলায় ৮ এপ্রিল ডিজিটাল বুথ আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতি চলছে। নির্ধারিত সময়ে বুথটি থেকে লেনদেন কার্যক্রম শুরু করা হবে। ঐ দিন সকাল ১০টায় রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার আইল্যান্ড সিকিউরিটিজের ডিজিটাল বুথের উদ্বোধন করবেন। এ বিষয়ে জানতে চাইলে আইল্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আপাতত পরীক্ষামূলকভাবে দুটি জেলায় বুথ খোলার অনুমোদন দিয়েছে বিএসইসি। এ দুটি বুথের পারফরম্যান্স দেখে পরবর্তীকালে অন্যান্য জায়গায় ডিজিটাল বুথ চালু করার অনুমোদন দেবে বিএসইসি।
