ঘিওরে শেষ হলো তিনদিনের লালন গানের আসর

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ০০:১৬

ঘিওর (মানিকগঞ্জ):মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা গ্রামে বৃহস্পতিবার রাতে শেষ হলো তিন দিনব্যাপী লালন গানের আসর। দেশবরেণ্য লালন শিল্পী টুনটুন বাউলসহ ২০ জন শিল্পী আসরে গান পরিবেশন করেন। ওই গ্রামের লালনভক্ত রেফাজ উদ্দিন স্মরণে প্রতিবছরের মতো এবারও পরিবারের সদস্যরা লালন গানের আয়োজন করেন। অনুষ্ঠানে টুনটুন বাউল বলেন, ‘নতুন প্রজন্মের মাঝে লালনের বাণী ছড়িয়ে দিতে পারলে সমাজ মাদকমুক্ত হবে, হানাহানি কমবে, সামপ্রদায়িক সম্প্রীতি বাড়বে। দেশ জঙ্গিবাদ থেকে মুক্ত হবে।’ লালন গানের আয়োজক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রভাষক হানিফ মিয়া জানান, তার বাবার স্মৃতি ধরে রাখতে ও লালনের মর্মবাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছরই তিনি লালন গানের অনুষ্ঠানের আয়োজন করেন           —মোঃ শফি আলম