আজ তামিমের সঙ্গে ফিরছেন হাসান

আপডেট : ২৭ মার্চ ২০২১, ২১:৩৪

স্পোর্টস রিপোর্টার

অনেক প্রত্যাশা থাকলেও ওয়ানডেতে অধিনায়ক তামিম ইকবালের প্রথম বিদেশ সফরে জয়ের দেখা পায়নি বাংলাদেশ দল। নিউজিল্যান্ডে সফরে তিন ম্যাচের সিরিজে সবকটিই হেরেছে সফরকারীরা। সিরিজ শুরুর আগেই তামিম জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণে টি-২০ সিরিজটা খেলবেন না। তাই ওয়ানডে সিরিজ শেষে দেশে ফেরার বিমান ধরছেন ওয়ানডে অধিনায়ক।

তামিমের সঙ্গে নিউজিল্যান্ড থেকে ফিরে আসছেন তরুণ ফাস্ট বোলার হাসান মাহমুদ। পিঠের ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফর শেষ হয়ে গেছে তার। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। জানা গেছে, আজ রাত ১০টায় ঢাকায় এসে পৌঁছাবেন দুই ক্রিকেটার।

সিরিজের প্রথম ওয়ানডে খেললেও সামর্থ্য অনুযায়ী বোলিং করতে পারেননি হাসান। পরের দুই ম্যাচে একাদশের বাইরে ছিলেন তিনি। এমনকি ইনজুরির কারণে অনুশীলনও করা হয়নি তার। বিসিবি জানিয়েছে, দেশে ফিরে বিসিবির মেডিক্যাল বিভাগের তত্ত্বাবধানে রিহ্যাবে থাকবেন হাসান।