বিশেষ প্রতিনিধি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে বাংলাদেশের সঙ্গে একাত্মতা জানাতে আসা ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে। সরকারের নমনীয়তাকে কেউ দুর্বলতা ভাববেন না। এ ধরনের অপচেষ্টা সরকার কঠোর হাতে দমন করতে বদ্ধপরিকর। গতকাল জাতীয় প্রেসক্লাবে সত্যম রায় চৌধুরী সম্পাদিত ‘বঙ্গবন্ধু ফর ইউ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক প্রসঙ্গে তিনি এ কথা বলেন। ভারতের প্রধানমন্ত্রীর আগমনের সঙ্গে রেলস্টেশন, ভূমি অফিস জ্বালিয়ে দেওয়ার কী সম্পর্ক, থানায় কেন আক্রমণ করা হলো—প্রশ্ন রেখে তথ্যমন্ত্রী বলেন, ‘এরা দুষ্কৃতকারী। এরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি, স্থিতি, সম্প্রীতির শত্রু।
তথ্যমন্ত্রী বলেন, ‘যে ভারত ১৯৭১ সালে আমাদের ১ কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, যে ভারতের মানুষ আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের রক্তও ঝরিয়েছে, যে ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের মানুষের স্বাধীনতা আর বঙ্গবন্ধুর মুক্তির জন্য বিশ্ব জনমত গড়তে সমগ্র পৃথিবী চষে বেড়িয়েছেন, সেই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি এসেছেন। কোনো দলের নেতা হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়নি বা তিনি কোনো দলের নেতা হিসেবে আসেনওনি। অথচ এ নিয়ে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে।’
অনুষ্ঠানের আয়োজক সংগঠন ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’র প্রধান সমন্বয়ক এ এস এম শামছুল আরেফিনের সভাপতিত্বে সংগঠনের সদস্য পংকজ দেবনাথ এমপি, সংগঠনের কার্যকরী সভাপতি ড. রাধা তমাল গোস্বামী, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, গ্রন্থটির সম্পাদক সত্যম রায় চৌধুরী, প্রকাশক দীপ প্রকাশনের শংকর মণ্ডল, কলামিস্ট সুভাষ সিংহ রায় প্রমুখ গ্রন্থটির নানাদিক তুলে ধরেন। ইংরেজি ভাষায় প্রণীত ৬১৬ পৃষ্ঠার ১২ অধ্যায়ের ‘বঙ্গবন্ধু ফর ইউ’ গ্রন্থে বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ভূমিকা সন্নিবেশিত রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বইটির সম্পাদক, প্রকাশক ও অনুষ্ঠান আয়োজকদের আন্তরিক অভিনন্দন জানান।
