৩৯ জনের মৃত্যু সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ

আপডেট : ২৭ মার্চ ২০২১, ২২:৫২

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে, যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল গত বছরের ১৫ ডিসেম্বর। সেদিন ৪০ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩ হাজার ৬৭৪ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। গত পাঁচ দিন ধরে করোনায় শনাক্তের সংখ্যা প্রতিদিনই সাড়ে তিন হাজারের বেশি থাকছে।

মারা যাওয়া ৩৯ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ৮ হাজার ৮৬৯ জনের মৃত্যু হলো। আর ৩ হাজার ৬৭৪ জন নতুন রোগী নিয়ে এ পর্যন্ত      দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৯৭১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৩ হাজার ৯২২ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২২৪টি ল্যাবে ২৪ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৬৬ হাজার ৬৯৪টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৯০ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১২ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ২২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ লাখ ৬৮ হাজার ৮৭৬টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ১০ লাখ ৯৭ হাজার ৮১৮টি। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৪ জন পুরুষ আর নারী ১৫ জন। তাদের প্রত্যেকেই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ২৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১০ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, এক জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং তিন জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। করোনা মহামারি নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়।