হেফাজতের ডাকা হরতালে সমর্থন দেওয়ার আহ্বান জাফরুল্লাহ চৌধুরীর

আপডেট : ২৮ মার্চ ২০২১, ০০:২২

হেফাজতে ইসলামের ডাকা আজকের হরতালে সবাইকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও ‘ভাসানী অনুসারী পরিষদ’-এর সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান। জাফরুল্লাহ চৌধুরী বলেন, হেফাজতে ইসলামের সমর্থকদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হরতাল ডাকা মৌলিক অধিকার। তাই হেফাজতের হরতালে বাধা দেবেন না। তিনি বলেন, বঙ্গবন্ধুকে যেদিন সপরিবারে হত্যা করা হয়েছিল, সেদিন আওয়ামী লীগের এই ‘দুর্ধর্ষ’ নেতারা কোথায় পালিয়েছিলেন? কোন ইঁদুরের গর্তে ঢুকেছিলেন তারা? আমি তখন লন্ডনে, অজান্তেই চোখের পানি ঝরছিল।’ তিনি বলেন, আপনারা যাদের ঘুষ দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছেন, সেই হেফাজতও আজ প্রতিবাদ করছে। পুলিশের উদ্দেশে বলেন, প্রতিবাদ করা আমাদের মৌলিক অধিকার।

সমাবেশে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, আজকে যদি দেশে গণতান্ত্রিক সরকার থাকত, তাহলে এই তাণ্ডব ঘটতে পারত না। আয়োজক সংগঠনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপিকা দিলারা চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর, ভাসানী অনুসারী পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু, ব্যারিস্টার তানিয়া আরমান প্রমুখ।