রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্র নিহত আহত ৪

আপডেট : ২৮ মার্চ ২০২১, ০০:২৩

রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় সাদিকুল ইসলাম রিয়ন (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। গতকাল শনিবার এ ঘটনায় ঐ কলেজ ছাত্রের বাবা-মাসহ চারজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা সিরাজুল ইসলাম হাসপাতালে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিয়ন উপজেলার উত্তর ব্রাহ্মণখালী এলাকার বাসিন্দা ও কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আহতরা হলেন— তার বাবা জহিরুল ইসলাম কচি (৩৮), মা জোসনা বেগম (৩২), ছয় মাস বয়সের ছোট বোন নুসরাত ও চাচা শাহিদুল ইসলামকে (৩২)।

পুলিশ জানায়, গতকাল বিকেলে সাদিকুল ইসলাম রিয়নের অসুস্থ ছোট বোন নুসরাতকে নিয়ে তার পিতা জহিরুল ইসলাম কচি ও মাতা জোসনা বেগম ভুলতা হাসপাতালে যাওয়ার পথে পূর্বশত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওত পেতে থাকা সস্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা রামদা, চাপাতি, ছেন, চাইনিজ কুড়াল, ছুরি, লোহার রড, এসএস পাইপসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাদের কুপিয়ে জখম করে। এ সময় তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তাদের ডাক চিত্কারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। 

এ ব্যাপারে নিহত সাদিকুল ইসলাম রিয়নের চাচা সানোয়ার ইসলাম বাদী হয়ে ৯ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিদের গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে।