রোনালদোকে ফেরানোর কথা ভাবছে না রিয়াল

আপডেট : ২৮ মার্চ ২০২১, ০৫:০৫

জুভেন্তাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরত আনার কোনো চেষ্টাই করছে না রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ পত্রিকা মার্কার দেওয়া তথ্য অনুযায়ী রোনালদো নিজে মাদ্রিদে ফেরত আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে কিলিয়ান এমবাপে ও আর্লিং হাল্যান্ডদের মতো তরুণ প্রতিভাদের দলে ভেড়ানোর কথা ভাবছে মাদ্রিদের দলটি।

মার্কায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে, কয়েক সপ্তাহ আগে রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডিস এই পর্তুগিজ তারকাকে মাদ্রিদে ফেরানোর জন্য রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পেশ করেছিলেন। সে প্রস্তাবে এখনো রিয়াল সম্মতি দেয়নি বলেই ধারণা করা হচ্ছে। করোনা মহামারি এবং বার্নাব্যুর সংস্কার কাজের জন্য অর্থনৈতিকভাবে কিছুটা অসচ্ছল অবস্থায় আছে মাদ্রিদ। যে কারণে গত দুই দলবদলে তেমন কোনো খরচই করেনি তারা। গত কয়েক মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে কিছুটা ব্যাকফুটে চলে যাওয়া মাদ্রিদের জায়ান্টদের যে সামনের গ্রীষ্মকালীন দলবদলে তাই বেশ হিসেবি রূপে দেখা যাবে, সে ব্যাপারে সন্দেহ নেই।

এদিকে রোনালদো ও লিওনেল মেসিকে ছাপিয়ে এখন ফুটবল বিশ্বের সিংহভাগ লাইমলাইটই কেড়ে নিচ্ছেন দুই তরুণ প্রতিভা, হাল্যান্ড ও এমবাপে। মেসি-রোনালদো যুগলবন্দির পর তারাই ফুটবল বিশ্ব শাসন করবেন, এই বিশ্বাসও ধীরে ধীরে শক্ত হচ্ছে ফুটবলানুরাগীদের মধ্যে। গ্যালাকটিকোদের দলে ভেড়ানো যাদের অভ্যাস, সেই রিয়াল মাদ্রিদ বরাবরের মতো এবারও তাদের চোখ রাখছে এই দুই জনের দিকে।

ইত্তেফাক/টিআর