রাজশাহীতে দুটি বাসে দুর্বৃত্তদের আগুন

আপডেট : ২৮ মার্চ ২০২১, ১১:২২

রাজশাহী নগরীর ট্রাক টার্মিনাল এলাকায় দুটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকাল পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে টার্মিনালে রাখা একটি বাসের সম্পূর্ণ সিট এবং আরেকটি বাসের কয়েকটি সিট আগুনে পুড়ে যায়।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রউফ বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দুটি বাসের মধ্যে একটি সম্পূর্ণ সিট এবং একটি কয়েকটি সিট আগুনে পুড়ে যায়।’

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী ট্রাক টার্মিনালের ভেতর দাঁড়িয়ে থাকা দুটি বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সকালে কে বা কারা এই ঘটনা ঘটায়। পরে ফায়ারসার্ভিস কর্মীরা ও পুলিশ সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টায় দিকে টার্মিনালের ভেতর পার্কিংয়ে রাখা দুটি বাসের মধ্যে একটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে একটি বাস পুরোটাই পুড়ে গিয়ে অন্যটিতেও আগুন ধরে আংশিক পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আটক করা যায়নি কাউকেই। পুলিশের ধারণা হরতালের নামে নাশকতা সৃষ্টি করতেই এই আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় শাহ মখদুম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

ধারণা করা হচ্ছে হেফাজতে ইসলামের ডাকা আজ সকাল থেকে শুরু হওয়া হরতালের সমর্থনে পিকেটাররা এ ঘটনা ঘটাতে পারে। তবে পুলিশের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি। 

নগরীর শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম খান বলেন, হরতালের নামে নাশকতা সৃষ্টি করতেই এই আগুন দেওয়া হয়েছে কিনা তা আমরা নিশ্চিত নই। কারণ বাস দুটি ট্রাক টার্মিনালের ভেতর ৯ মাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

তিনি বলেন, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গেছি। এর পর বালু দিয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস আসে। আমরা বাসের আশপাশে কাউকে দেখিনি। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সেটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এদিকে রাজশাহীতে হরতালের সমর্থনে কোথাও হেফাজতে ইসলামের কোনো মিছিল বা প্রকাশ্যে পিকেটিং লক্ষ্য করা যায়নি। হরতালেও স্বাভাবিক রয়েছে গাড়ি চলাচল। 

ইত্তেফাক/এএএম