রূপগঞ্জে পুলিশকে পিটিয়ে অস্ত্র লুট ছাত্রলীগ নামধারীদের

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ০০:২৩

রূপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ সদস্যরা। ওই সময়ে স্থানীয় ছাত্রলীগ নামধারী কয়েকজন কর্মী পুলিশকে মারধর ও কুপিয়ে জখম করে লুট করে নিয়ে যায় অস্ত্র। গতকাল শনিবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের চেলাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চেলাপাড়া গ্রামে রাত্রিকালীন ফুটবল খেলার আয়োজন করা হয়। গতকাল শনিবার রাতে স্থানীয় দুই দলের খেলার সময়ে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির এস আই নাজিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে হাজির হয়। তখন পুলিশ এক পক্ষকে থামাতে গেলে তারা পুলিশের উপর চড়াও হয়। ওই সময়ে ছাত্রলীগ নামধারী একটি গ্রুপ হামলা করে এস আই নাজিরুজ্জামানকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। লুটে নেওয়া হয় তার অস্ত্র। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন জানান, একজন পুলিশের উপ পরিদর্শককে মারধর করা হয়েছে। তার অস্ত্র খোয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।