খেলাধুলা আমাদের পুরোনো ঐতিহ্য —এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ২৮ মার্চ ২০২১, ২১:১৭

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-৪ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, খেলাধুলা আমাদের দেশের পুরোনো ঐতিহ্য। খেলাধুলা চর্চা যেন থেকে হারিয়ে না যায়।

গতকাল রবিবার বিকেলে ফরিদপুরের চরভদ্রাসনে মরহুম আকবর আলী মোল্যা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২১-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমানে আমাদের যুবসমাজের অনেককে মাদকের ভয়াল থাবা গ্রাস করছে। আমার বিশ্বাস খেলাধুলায় মনোনিবেশ করলে আমাদের ছোটছোট ছেলেমেয়েরা মাদকের হাত থেকে রেহাই পাবে। তাই খেলাধুলাকে ভালোবেসে মাদক ছেড়ে মাঠে আসার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

স্থানীয় সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির প্রিন্সিপাল মো. বিলাল হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. জাকারিয়া হোসেন প্রমুখ। খেলায় স্থানীয় ওরিয়ন ক্লাবকে ৪৩ রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বপ্নপুরি ক্লাব।