রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ জনের দাফন সম্পন্ন

আপডেট : ২৮ মার্চ ২০২১, ২১:২০

পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ জনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার গভীর রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলায় নিহতদের গ্রামে লাশ দাফন করা হয়। রাত সাড়ে ১০টায় লাশবাহী পিকআপ পীরগঞ্জে পৌঁছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানি রায়, ওসি সরেস চন্দ্র ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন। গভীর রাতেই পৃথক পাঁচটি গ্রামে পারিবারিক কবরস্থানে লাশগুলো দাফন করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার বাদ জুমা রাজশাহীর কাটাখালী নামক স্থানে পীরগঞ্জ থেকে রাজশাহীতে পিকনিকের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মাইক্রোবাসটিকে হানিফ পরিবহনের বাস ধাক্কা দিলে মাইক্রোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। ভেতরে আটকে পড়া ১৮ যাত্রীর ১৭ জনই আগুনে ঝলসে মারা যায়।