স্পোর্টস রিপোর্টার
করোনার বিরতি কাটিয়ে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিল নারী ক্রিকেটাররা। এবার আন্তর্জাতিক সিরিজ খেলতে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাঁচটি ওয়ানডে খেলতে গতকাল সকালে বাংলাদেশে এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দল। ঢাকায় নেমে সরাসরি সিলেটে চলে গেছে প্রোটিয়া নারী দলটি।
বিসিবির উইমেন্স উইং গতকাল বিষয়টি নিশ্চিত করেছে। তিন দিন কোয়ারেন্টাইনের পর অনুশীলন করবে সফরকারীরা। পরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪, ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল বাংলাদেশ ইমার্জিং নারী দলের বিরুদ্ধে পাঁচ ওয়ানডে খেলবে প্রোটিয়ারা। ১৪ এপ্রিল বাংলাদেশ ছাড়বে তারা।
নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে হোম সিরিজ খেলবে বাংলাদেশ ইমার্জিং দল। এখন বিদেশি কোচ নিয়োগের পথে যাচ্ছে না বিসিবি। স্থানীয় কোচরা দলের তত্ত্বাবধানে থাকবেন। গতকাল উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, আমরা দেশীয় কোচ দিয়েই ক্যাম্প, বাংলাদেশ গেমস পরিচালনা করেছি। এ সিরিজেও তারাই থাকবেন। করোনার কারণে এখন বিদেশি কোচ পাওয়া যাচ্ছে না।
