হরতালে গাড়ি পোড়ানোর নির্দেশ, বিএনপি নেত্রী নিপুণ রায় গ্রেফতার

আপডেট : ২৮ মার্চ ২০২১, ২২:৪০

হেফাজতে ইসলামের ডাকা হরতালে গাড়িতে অগ্নিসংযোগ করতে সরাসরি নির্দেশ দেওয়ার অভিযোগে বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রবিবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিএনপির আরো এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

নিপুন রায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি। তিনি রাজনৈতিক পরিবারের সন্তান ও পুত্রবধূ। তার বাবা নিতাই চন্দ্র রায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

র্যাব জানিয়েছে, গতকালকের হরতালে নিপুন রায় চৌধুরী রাস্তায় গাড়ি পোড়াতে নির্দেশ দেন দলীয় নেতাকর্মীদের। কেরানীগঞ্জের স্থানীয় বিএনপির নেতা আরমান, খোরশেদ ও শাহিনকে মোবাইল ফোনে বলেন, বাসে বা যে কোনো যানবাহনে আগুন লাগিয়ে ভিডিও করে তাকে পাঠাতে। তার নির্দেশনায় শাহিন একটি বাসে আগুন লাগিয়েছে। আরমান ও খোরশেদ গাড়িতে আগুন ধরিয়ে ছবি তুলে নিপুনকে হোয়াটসঅ্যাপে পাঠান। দলীয় শীর্ষ নেতাদের কাছে পাঠানোর উদ্দেশে তিনি গাড়ি পোড়ানোর ছবি চেয়েছেন। এসব অভিযোগেই গতকাল বিকালে তাকে র্যাব-২ গ্রেফতার করে। তার নির্দেশনা পালনকারী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমানকেও গ্রেফতার করা হয়েছে।