আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সাম্প্রদায়িক অপশক্তির অপতত্পরতা রুখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সূচনা বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনাসভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের আরো বলেন, ভারতবিদ্বেষী যে সাম্প্রদায়িক গোষ্ঠী ঢাকা-চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ জাতীয় মসজিদের ভেতর তাণ্ডবলীলা চালিয়েছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সফলতায় যাদের গাত্রদাহের কারণ, বিএনপি সেই অপশক্তিরই পৃষ্ঠপোষক। এদেরকে মোকাবিলা করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।
