বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষের মামলায় আসামি ৫০০ জন

আপডেট : ২৯ মার্চ ২০২১, ০০:১৫

বায়তুল মোকাররম মসজিদ ও এর আশপাশে গত শুক্রবার হেফাজত ইসলামের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে। থানার এসআই শামীম হোসেন বাদী হয়ে দায়ের করা এই মামলায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

এ ব্যাপারে পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, মামলায় সরকারি কাজে বাধা, ভাঙচুর, ভয়ভীতি ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। তবে এ মামলায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

মামলায় জব্দ তালিকায় দেখানো হয়েছে ১৫টি ইটের টুকরা, ১২টি বাঁশের লাঠি ও ৫টি ভস্মীভূত মোটরসাইকেল। শুক্রবার দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ৮৫০টি রাবার বুলেট নিক্ষেপ করেছে। এছাড়া শতাধিক টিয়ারশেল ছুড়েছে পুলিশ।