দেশব্যাপী হরতালের পর দোয়া ও বিক্ষোভের কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম। আজ সোমবার দোয়া ও শুক্রবার সারা দেশে বিক্ষোভ করবে তারা। গতকাল হরতাল চলাকালে বিকালে রাজধানীল পল্টনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন প্রতিহত করার জন্য কর্মসূচি দিয়েছিল হেফাজতে ইসলাম। কিন্তু মোদির আগমনের দিন হেফাজতের কোনো কর্মসূচি ছিল না। আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ ও সরকার দলীয় হেলমেট বাহিনীর লোকজন হামলা করে, গুলি করে হত্যা করে। এর প্রতিবাদে হরতাল দিয়েছি।
গত দুই দিনে হেফাজতের কর্মসূচিতে ১৭ জন শহিদ হয়েছেন বলে জানান হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আল্লামা মাওলানা মামুনুল হক। হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী বলেন, হামলাকারীদের খুঁজে বের করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। হামলায় আহতদের চিকিত্সার পাশাপাশি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে আটককৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টি হোক আমরা চাই না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতের ঢাকা মহানগরের সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন, হেফাজত নেতা আতাউল্লাহ আমিন প্রমুখ।
