শাকিব-তায়েব জুটি!

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২১:৫২

বিনোদন রিপোর্ট

 

‘ফিল্ম পলিটিক্স’ বলে যে শব্দ প্রচলিত তার সাথে ভালোই মিশেছেন হালের জনপ্রিয় তারকা শাকিব খান। তার ব্যক্তিগত অভিযোগ যে, শাকিবের নিজের ছবিগুলোই বারবার বাঁধা দিয়ে আসছে চলচ্চিত্রের একাধিক সংগঠন। গত চলচ্চিত্রশিল্পী সমিতি নির্বাচনকে কেন্দ্র করেই বিরোধের সূচনা। কারণ সাংগঠনিকভাবে শাকিব খানের দীর্ঘদিনের জুটি ছিলেন মিশা সওদাগর। কিন্তু সেই জুটিতে মনমালিন্য হয়েছে অনেকদিন আগেই। যদিও একটি পোশাকি প্রফেশনাল তাগিদেই নিজেরা আবারো হাসিমুখে ছবি তুলেছেন, বিচ্ছিন্নভাবে কাজ করেছেন। কিন্তু আগের মতো হূদ্যতার সম্পর্কে পৌঁছায়নি।

এখন খুব জলদিই আসছে চলচ্চিত্রশিল্পী সমিতি নির্বাচন। তাই অনেকেই ভাবছেন শাকিব এবারে নতুনভাবে নিজেকে প্রমাণ করবেন। কারণ টানা ৪ বছর সভাপতির দায়িত্ব পালন করেন শাকিব খান। তাই এবারের নির্বাচনে নতুনভাবে সংগঠিত হচ্ছেন তিনি। আর এক্ষেত্রে শাকিব নিজে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে রাখছেন ডিএ তায়েবকে।

অন্যদিকে এবারও মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল নির্বাচন করবে।

এ প্রসঙ্গে ডিএ তায়েব বলেন, ‘সাংগঠনিক দায়িত্ব তো একাধিক সংগঠনে পালন করে আসছি। অনুরোধটি শাকিবের নিজের। আমিও সহমত দিয়েছি। আশা করছি একসাথে ভালো কিছু করতে পারবো।’