বিনোদন রিপোর্ট
বাংলাদেশি সিনেমার জনপ্রিয় নায়ক ওমর সানী ও নায়িকা মৌসুমী অভিনীত ‘লিডার’ ছবিটি বরিশালের একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গতকাল। সিনেমাটিতে একজন নেত্রীর চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ওমর সানী।
কিন্তু মুক্তির আগেই ছবিটির নির্মাতা দিলশাদুল হকের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ এনে ছবিটিকে বয়কট করার ঘোষণা দিয়েছেন প্রধান দুই শিল্পী ওমর সানী ও মৌসুমী। ছবিটি নিয়ে কথা বলতে ফেসবুক লাইভে আসেন ওমর সানী।
তবে নায়ক-নায়িকার এসব দাবি মানতে নারাজ পরিচালক। তার মতে, এটা তথাকথিত ফর্মুলা ফিল্ম না। তিনি বলেন, ‘আমি আমার মতো করে একটা গল্প বলার চেষ্টা করেছি। সেই হিসেবে ছবির পুরো কাজ শেষ করেই সেটি মুক্তি দিয়েছি। আমরা যদি এখনো পুরোনো ধ্যান-ধারণা নিয়ে পড়ে থাকি তাহলে কেমন করে হবে! ডাবিং করলে অনেককিছুই মেলানো যাবে না। তাই দৃশ্য ও সংলাপ ন্যাচারাল রাখতে ডাবিং করিনি।’
ফেসবুক লাইভে ওমর সানী বলেন, ‘এই ছবিতে যখন আমি আর মৌসুমী অভিনয় করতে রাজি হই তখন গল্পটি ভালো লেগেছিল। একজন পরিচালক একটি ছবিকে কীভাবে নষ্ট করতে পারেন তার বাস্তব প্রমাণ পেলাম। এই ছবিতে আমি আর মৌসুমী কোনো ডাবিং করিনি। এই ছবির ৬০ ভাগ শুটিং এখনো বাকি আছে। পরিচালক শিমুল এই প্রতারণা কেন করলো জানি না। সে আমাদের সঙ্গে, দর্শকদের সঙ্গে, একটি গল্পের সঙ্গে প্রতারণা করেছে। এটা করার দরকার ছিল না।’
