সুনামগঞ্জ জেলাকে ‘হাওর কন্যা’ বলা হয়ে থাকে। বাঁধ প্রকল্পের জন্য প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ আসে। ১৫ ডিসেম্বর ২০২০ তারিখে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা ৭ মার্চ ২০২১-এ। সুনামগঞ্জ জেলার হাওর বাঁচাও আন্দোলন কমিটি গত ১৫ ফেব্রুয়ারি পরিদর্শন করে বাঁধ নির্মাণের কোনো চিহ্নই দেখতে পাননি। ৭ মার্চ পর্যন্ত বাঁধ নির্মাণ কার্যক্রমের সময়সীমা বাড়ানো হলেও পরিতাপের বিষয় যে, মার্চ চলে যাচ্ছে—কিছু সংখ্যক বাঁধের কাজ শেষ হলেও এখনো অনেক বাঁধের কাজ শুরুই হয়নি। দিন দিন নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। কয়েকদিন পর বৃষ্টির মৌসুম শুরু হবে। কৃষকের মনে আতঙ্ক বাড়ছে। বাঁধ নির্মাণে এত অবহেলা কেন? সরকার হাওর রক্ষার জন্যে পর্যাপ্ত বাজেট দেওয়ার পরেও বাঁধের কাজ কেন সময়মতো করা হয় না? কর্তৃপক্ষীয় অবহেলায় বন্যার জলে ভেসে যায় সাধারণ মানুষের স্বপ্ন। সরকারের কাছে কৃষকদের চাওয়া, হাওর রক্ষায় সময়মতো বাঁধ নির্মাণ। কৃষকের সোনার ফসল রক্ষার জন্যে শীঘ্রই বাঁধের কাজ শেষ করা প্রয়োজন। অতএব, এ ব্যাপারে জেলা হাওর রক্ষার বাস্তবায়ন কমিটির সভাপতি, জেলা প্রশাসক ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
আসাদ বিন সফিক
শিক্ষার্থী, সুনামগঞ্জ সরকারি কলেজ
