মোংলায় পশুর নদে আবার কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:২৬

মোংলা বন্দরের পশুর নদীতে আবারও ডুবে গেছে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ। মঙ্গলবার দুপুরে বন্দর জেটির অপর পাশের কাটাখালী নামক এলাকায় জাহাজটি ডুবে যায়। এ সময় ঐ জাহাজে থাকা ৯ স্টাফ ও এক নিরাপত্তাকর্মী সাঁতরে তীরে উঠেন।

ডুবে যাওয়া কার্গো জাহাজ এমভি ইফসিয়া মাহিনের মাস্টার মো. শাহালম জানান, মোংলা বন্দরের হাড়িবাড়িয়ার ৬ নম্বরে থাকা একটি বিদেশি জাহাজ থেকে ২৮ মার্চ কয়লা বোঝাই করেন তারা। কার্গোটিতে প্রায় ৪০০ টন কয়লা বোঝাই করে সকাল ৯টার দিকে পশুর নদীর বানীশান্তা বাজার বয়ায় অবস্থান নেয়। সেখানে থাকাকালে মঙ্গলবার দুপুরে প্রচণ্ড পানির সে াতে বয়ার সঙ্গে বাধা কার্গো জাহাজের রশি ছিড়ে যায়। এ সময় এমভি ইফসিয়া মাহিনসহ ১০/১২টি জাহাজ ঐ বয়া থেকে ছুটে যায়। পরে ঐ জাহাজগুলো দুর্ঘটনা এড়াতে যে যার মতো নিরাপদে সরতে থাকে। এ সময় ঐ সব কার্গোর মধ্যে একটির সঙ্গে ধাক্কা লাগে ইফসিয়া মাহিনের। এতে ইফসিয়া মাহিনের বাম পাশের হ্যাচ ফেটে যায়। তারপরও জাহাজটি বাঁচাতে মাস্টার শাহালম প্রাণপণ চেষ্টা করেন। জাহাজটি ভাসতে ভাসতে বানীশান্তা থেকে কাটাখালী গেলে সেখানে ফাটা জায়গা দিয়ে পানি উঠতে উঠতে এক পর্যায়ে ডুবে যায়। তবে জাহাজের স্টাফ ও এক নিরাপত্তাকর্মী সাঁতরে নদীর তীরে উঠেন। তবে জাহাজটি পশুর চ্যানেলের বাহিরে চরের দিকে ডুবায় মূল চ্যানেল নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ। জাহাজটির কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়ায় যাওয়ার কথা ছিল।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি রাতে মোংলা বন্দরের পশুর নদীতে ৭০০ টন কয়লা নিয়ে ডুবে যায় এমভি বিবি-১১৪৮ নামক একটি কার্গো জাহাজ।