কীটনাশক ছিটানো পুকুরে মাছ ধরতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:৪০

তাড়াশে গতকাল মঙ্গলবার কীটনাশক ছিটানো পুকুরে মাছ ধরতে নেমে বিষক্রিয়ায় দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে আরো তিন জন। মৃত দুই শিক্ষার্থীর নাম জান্নাতী খাতুন (১৩) ও বিথী খাতুন (১৩)। তাদের বাড়ি উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামে। এরা দুজনেই ভায়াট ভিএস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। নওগাঁ ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড মেম্বার আশরাফ আলী বলেন, মাছচাষি বরাত আলী ভায়াট গ্রামের উত্তরপাড়ায় একটি পুকুরে কীটনাশক প্রয়োগ করে মাছ ধরেন। এরপর থেকে ঐ পুকুরে আরো কিছু মাছ বিষক্রিয়ায় মরে ভেসে উঠতে থাকে। তখন সেই মাছ ধরার জন্য পাঁচ-সাত জন পুকুরে নামে। কিন্তু তারা কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অসুস্থ জান্নাতী ও বিথীকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। তিন জন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুজন বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। তাড়াশ থানার ওসি ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করেছেন।