রাজশাহীতে এক সপ্তাহের ব্যবধানে আবারও তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর গণকপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে গত ২৪ মার্চ নগরীর গণকপাড়ায় আরেকটি তুলার গোডাউনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, দুপুরে তুলার গোডাউনে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে কীভাবে আগুনের সূত্রপাত বা কী পরিমাণ ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। তদন্ত করে সেটি নিশ্চিত হওয়া যাবে। গুদামমালিক আজিম উদ্দিন মনু বলেন, গুদামে বিদ্যুত্ নেই। তাই শর্ট সার্কিটে আগুন লাগেনি। গুদামের বাইরে থেকে তালাও দেওয়া ছিল। কীভাবে আগুন লেগেছে তা তিনি বুঝতে পারছেন না।
