নোয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:৪০

নোয়াখালী শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আলী মনুকে (৩২) হত্যা করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহর মাইজদীর দত্তবাড়ীর মোড়ে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের চাচা ইকবালকে আটক করেছে পুলিশ। নিহত মোহাম্মদ আলী নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাশিপুরের দত্তবাড়ী এলাকার মৃত আকবর আলীর ছেলে। তিনি নোয়াখালী শহর স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক ছিলেন। জানা যায়, মোহাম্মদ আলী মনু দত্তবাড়ীর মোড়ে একটি দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় এক দল দুর্বৃত্ত তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে টেনেহিঁচড়ে দোকানের ভেতর নিয়ে মারধর করে। পরে মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে রাত ১১টার দিকে তিনি মারা যান। সুধারাম থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী নিহত মোহাম্মদ আলীর সঙ্গে তার  চাচা ইকবালের জমি-সংক্রান্ত বিরোধ ছিল। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইকবালকে মঙ্গলবার ভোররাতে আটক করা হয়। নিহতের পরিবার থেকে অভিযোগ দায়ের করা হলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।