টুঙ্গীপাড়ায় বাংলাদেশ গেমসের মশাল প্রজ্বালন আজ

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:৪১

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীকে স্মরণীয় করে রাখার জন্য আজ বেলা ১টায় নবম বাংলাদেশ গেমসের মশাল বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গীপাড়ায় প্রজ্বলন করা হবে। বিওএ-এর সভাপতি এবং সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ মশাল প্রজ্বালন করবেন। এরপর মোটর র্যালির মাধ্যমে মশালটি ঢাকায় বিওএ ভবনে আনা হবে। বর্তমান ও সাবেক ২২ ক্রীড়াবিদ মশাল বহন করবেন। এদের মধ্যে রয়েছেন শারমিন আক্তার রত্না, জুয়েল আহমেদ জনি, ইলিয়াস হোসেন, জেমসিন খান পপি, খায়রুজ্জামান, শাহজাহান আলী রনি, মেসবাহ উদ্দিন, মিলজার হোসেন, মাহবুব বিল্লা, ইমদাদুল হক মিলন, ইতি ইসলাম, ডালিয়া আক্তার, মিথুন সরকার, শাহনাজ পারভিন মালেকা, জ উ প্রু, ফরহাদ জেসমিন লিটি, আতিকুর রহমান, শেখ মো. আসলাম, গাজী আশরাফ হোসেন লিপুর হাত হয়ে আগামীকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে উদ্বোধণী অনুষ্ঠানে সিদ্দিকুর রহমান এবং মাহফুজা খাতুন শিলা মশাল প্রজ্বলন করবেন। গেমস নিয়ে রবিবার বিওএ ভবনে সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন মহসচিব সৈয়দ শাহেদ রেজাসহ অন্য কর্মকর্তাবৃন্দ। তারা জানিয়েছেন করোনার মধ্যে খেলা চলবে তবে সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের জন্য থাকবে কোভিড পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা। মাঠে নামার আগেও টেস্ট করানো হবে। করোনার কারণে উচ্চ পর্যায়ের একটি মেডিক্যাল কমিটি গঠন করা হয়েছে যেখানে দেশের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর প্রতিনিধি থাকবেন।