অবশেষে স্বাভাবিক গতিতে ফেসবুক

আপডেট : ৩১ মার্চ ২০২১, ০০:১০

দেশে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপে সেবা বিপর্যয়ের পর গত সোমবার রাত সাড়ে ৭টা নাগাদ তা পুনরায় স্বাভাবিক গতিতে ফিরে এসেছে। এর আগে গত শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৫টা থেকে ফেসবুক ও মেসেঞ্জার-সেবা কার্যত বন্ধ হয়ে যায়।

ফেসবুকের সেবা বিপর্যয়ের কারণে ফেসবুকে লগ-ইন করা, মেসেঞ্জারে কিছু পাঠানো, অ্যাটাচ করা, শেয়ার করা বা কমেন্ট করার ক্ষেত্রে সমস্যায় পড়েছিলেন ব্যবহারকারীরা। ফেসবুক বন্ধ রাখার বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছিল, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দিনের সফরকে কেন্দ্র করে বিরোধিতার পরিপ্রেক্ষিতে শুক্রবার থেকে বাংলাদেশে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি ডাউন করে রাখা হয়।

তবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছিলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন মনে করবে তখনই ফেসবুক স্বাভাবিক হবে। এখানে ফেসবুক কর্তৃপক্ষ কী বলল তাতে আমাদের কিছু আসে-যায় না। কারণ তারা আমাদের আদালতের সিদ্ধান্তই মানেনি। ফলে আমাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত আমরাই নেব।