‘নৈতিক সমাজ’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

আপডেট : ৩১ মার্চ ২০২১, ০০:১১

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জনগণ সত্ মানুষকে শ্রদ্ধা করে। অসত্ মানুষ চিরস্থায়ীভাবে নেতৃত্ব দিতে পারেনি, পারবেও না। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল মঙ্গলবার ‘নৈতিক সমাজ’ নামের নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে মেজর জেনারেল (অব.) আ ম স আ আমিন নতুন এই দলটির ঘোষণা দেন।

আ ম স আ আমিন ২০০১ সালে কুড়িগ্রাম-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করেন। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি গণফোরামে যোগ দিয়ে একই আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচন করেন। এবার নিজেই নতুন দলের ঘোষণা দিলেন। রাজনীতিতে নীতিবান নেতৃত্ব ও নৈতিক মূল্যবোধ তৈরির উদ্দেশ্য নিয়ে দলটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রতিটি ক্ষেত্রে নৈতিকতার মৃত্যু হয়েছে। সংখ্যালঘুদের ওপর একের পর এক অত্যাচার হচ্ছে। ক্ষমতাসীন দলের লোকেরাই এসব করেছে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, হেফাজতকে কারা প্রশ্রয় দিয়ে এই জায়গায় এনেছে? বিশ্বের কাছে দেখানো হচ্ছে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হচ্ছে হেফাজত, যারা মধ্যযুগীয় কায়দায় কথা বলে। সরকার হেফাজতের উত্থানের জায়গা করে দিয়েছে। সংবাদ সম্মেলনে সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন ও মেজর (অব.) মুজিবুল হক উপস্থিত ছিলেন।