ইরাকে মার্কিন লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহরে হামলা

আপডেট : ৩১ মার্চ ২০২১, ১৮:৩৫

ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী একটি গাড়ি বহরে হামলা হয়েছে। এই হামলায় বহরের দু’টি গাড়ি ধ্বংস হয়েছে জানা যায়।

বুধবার (৩১ মার্চ) দেশটির স্থানীয় সাবেরিন টিভি চ্যানেল জানিয়েছে, উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশের দুজাইল জেলা পার হওয়ার সময় মার্কিন বাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহর হামলার শিকার হয়েছে।

এর আগে গতকাল (মঙ্গলবার) বাগদাদ ও যিকার প্রদেশে আলাদা দু'টি মার্কিন গাড়ি বহরে হামলা হয়। তবে এখন পর্যন্ত নতুন এই হামলার বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেখায়নি আমেরিকা। কোনও ব্যক্তি বা সংগঠনও এর দায় স্বীকার করেনি।

ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়।

ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকি সম্প্রতি ঘোষণা করেছেন, সেদেশে বিদেশি সেনাদের কোনও প্রয়োজন নেই।ইরাকে তৎপর জঙ্গিগোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে।

ইত্তেফাক/এএইচপি