চট্টগ্রামে হেফাজতের আড়াই হাজার নেতাকর্মীকে আসামি করে ৭ মামলা

আপডেট : ৩১ মার্চ ২০২১, ২০:২৩

চট্টগ্রামের হাটহাজারীতে থানা ও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ এবং পটিয়া থানায় হামলার ঘটনায় হেফাজতে ইসলামের আড়াই হাজার নেতাকর্মীকে আসামি করে সাতটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে হাটহাজারী থানায় ছয়টি ও পটিয়া থানায় একটি মামলা হয়েছে। 

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম রশিদুল হক বুধবার (৩১ মার্চ) ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হাটহাজারি থানায় হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশ চারটি মামলা করেছে। এছাড়া উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভূমি অফিসের পক্ষ থেকে দু’টি মামলা করা হয়েছে। পটিয়া থানায় ভাংচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। প্রতিটি মামলায় ৫শ থেকে ১৫শ জন আসামি। এখনো আমরা কাউকে গ্রেফতার করিনি। মামলার তদন্ত শুরু হয়েছে। জড়িতদের সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


  
গত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারিতে বিক্ষোভ মিছিল বের করে হাটহাজারি বড় মাদরাসা নামে পরিচিত দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থীরা। মিছিল থেকে হাটহাজারী থানায় হামলা চালানো হয়। এরপর হাটহাজারি উপজেলা ভূমি অফিস ও ডাক বাংলোতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। থানায় হামলা ঠেকাতে পুলিশ গুলি করলে চারজন নিহত হয়। 

ইত্তেফাক/এসজেড