নিউজিল্যান্ড-বাংলাদেশ, ৩১-০। নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাট মিলে দুই দলের লড়াইয়ের স্কোর লাইন এটি। নিজেদের ইতিহাসে কখনোই এ কন্ডিশনে জয় পায়নি বাংলাদেশ। এবার জয়ের খাতা খোলার আশাবাদ নিয়ে নিউজিল্যান্ড গিয়েছিল তামিম-মাহমুদউল্লাহরা। সফরের পাঁচ ম্যাচ অতিবাহিত হয়ে গেছে, জয়টা এখনো অধরাই রয়ে গেছে। সফরের শেষান্তে এসেও তাই দুষ্প্রাপ্য জয়ের সন্ধানে বাংলাদেশ দল।
আজ অকল্যান্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ইডেন পার্কে আজ বাংলাদেশ সময় বেলা ১২টায় ম্যাচ শুরু হবে। এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এবারের নিউজিল্যান্ড সফর। আগামী ৪ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের।
সফরে টানা হারের পর একমাত্র সান্ত্বনার জয় খোঁজা, নিউজিল্যান্ডে জয়ের স্বাদ পাওয়ার আপাতত শেষ সুযোগ আজ বাংলাদেশের সামনে। তবে ইডেন পার্কে আজ সেই মঞ্চ ভাসিয়ে নিতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের সময় বৃষ্টি হবে।
বাংলাদেশের বাঁহাতি ওপেনার সৌম্য সরকার বলেছেন, নিউজিল্যান্ডের মাটিতে ম্যাচ জেতা অবশ্যই সম্ভব। তবে এজন্য ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগে সমানভাবে জ্বলে উঠতে হবে।
গতকাল অকল্যান্ডে পৌঁছানোর পর সৌম্য বলেছেন, ‘এখানে জেতা সম্ভব। কিন্তু আমরা যেভাবে খেলছি, একদিন বোলাররা ভালো করছি, একদিন ব্যাটসম্যানরা। তিন বিভাগেই যদি ভালো করতে পারতাম তাহলে সহজ হতো, জয় সম্ভব হতো। আর একটা ম্যাচই বাকি আছে। যদি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে পারি তাহলে জেতা সম্ভব। গত ম্যাচে ফিল্ডিং অনেক ভালো ছিল। একটা দুইটা ছোট ছোট ভুল হচ্ছে। এই ভুলগুলো না করি যদি, নিজেদের পক্ষে কাজে লাগাতে পারি, তাহলে আমার মনে হয় কালকের (আজ) ম্যাচ জিততে পারব।’
এবার সফরের দ্বিতীয় ওয়ানডেতে জয়ের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু ক্যাচ মিস, বাজে ফিল্ডিংয়ের কারণে জয়ের সুযোগ নষ্ট হয়। নেপিয়ারে গত মঙ্গলবার দ্বিতীয় টি-২০ তেও সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে জয়ের সম্ভাবনা জেগেছিল। কিন্তু বাকি ব্যাটসম্যানরা পরিস্থিতির দাবি অনুযায়ী ব্যাটিং করতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। ২৭ বলে ৫১ রানের ইনিংস খেলেছিলেন সৌম্য।
অকল্যান্ডে আজ না জিতলে, এত বছরেও নিউজিল্যান্ডের মাটিতে একটি জয় না পাওয়ার আক্ষেপ নিয়েই ফিরতে হবে মাহমুদউল্লাহদের।
ইত্তেফাক/এমআর
