বৈশ্বিক উচ্চ পার্যায়ের করোনা সংক্রমণ ভাইরাস কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা বাড়াতে উপজেলা সদরের ভাণ্ডারিয়া বাজারসহ বিভিন্ন ইউনিয়ন এবং জনবহুল এলাকায় প্রচারণামূলক মাইকিং করা হয়। এছাড়াও ভাণ্ডারিয়া বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় এবং পথচারীদের মাস্ক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুুপুরে থানা পুলিশের সহায়তায় পরবর্তী নির্দেশনার পূর্বপর্যন্ত ভাণ্ডারিয়া বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে আসনব্যবস্থা সরানোসহ মাস্ক ব্যবহারে প্রচারণামূলক মাইকিং করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম। এ সময় বাজারের বিভিন্ন দোকান থেকে চার জনের কাছ থেকে ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ননী গোপাল রায় জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গত সাত দিনে ঐ হাসাতালে ২৭ জনের করোনা টেস্ট করানো হয়। এতে হাসপাতালের দুই জন স্বাস্থ্যকর্মীসহ মোট সাত জনের পজিটিভ এসেছে। তিনি আরো জানান, স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এমপির বিশেষ তত্পরতায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জিন এক্সপার্ট মেশিনটি পাওয়ার ফলে যক্ষ্মা এবং করোনা পরীক্ষার জন্য এ উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলার মানুষের জন্য বিশেষ উপকার হয়েছে। কারণ এখানে বিনা মূল্যে পরীক্ষা করানো হয় এবং সর্বোচ্চ এক ঘণ্টার মধ্যে রেজাল্ট পাওয়া যায়। এছাড়াও তিনি ইতিপূর্বে ব্যক্তিগতভাবে হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী দিয়েছেন।
এ ব্যাপারে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সব ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে করার নির্দেশনা অনুযায়ীই আমরা করে যাচ্ছি।
ভাণ্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলাচলের ক্ষেত্রে থানা পুলিশ মনিটরিং করছে।
