রাণীনগরে পুকুর থেকে ফের বিষ্ণুমূর্তি উদ্ধার

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২১:১৬

রাণীনগরে আবারও একই পুকুর থেকে প্রায় ১৪ কেজি ওজনের আরো একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার করজগ্রাম এলাকা থেকে এই মূর্তি উদ্ধার করা হয়। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, উপজেলার করজগ্রাম কাউয়া ঠেঙ্গাপাড়ায় ভেকু দিয়ে খাস পুকুর পুনঃখনন কাজ চলছে। বৃহস্পতিবার ভেকু ড্রাইভার ও স্থানীয়রা পুকুরে মাটির নিচে মূর্তিটি দেখতে পায়। খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। ১৯ ইঞ্চি দৈর্ঘ্য ও ৯ ইঞ্চি প্রস্থের বিষ্ণুমূর্তিটি থানা হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে। গত কয়েক দিন আগে একই পুকুর থেকে ৩৮ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।