হাকিমপুর উপজেলার বোয়ালদাড় সড়কে গাছ ফেলে ডাকাতিকালে দেশি অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া-ধর্মপুর গ্রামের আমাল শেখের ছেলে মনিরুল ইসলাম।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে বোয়ালদাড় ব্রিজের সড়কে গাছ কেটে পথচারীদের আটকে ডাকাতির খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ডাকাত সদস্য মনিরুল ইসলাম আটক হয়। ঘটনাস্থল থেকে দুটি হাসুয়া, একটি গাছ কাটা করাত ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে আসামিকে বৃহস্পতিবার দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
