‘পুঁচকে’ মেসিডোনিয়ার কাছে জার্মানির হার

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২১:১৯

ফিফা র্যাংকিংয়ের ৬৫তম দল, উত্তর মেসিডোনিয়ার কাছে হেরে বসেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। গত বুধবার ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের এ ম্যাচে ১-২ গোলে হেরেছে জার্মানরা। দিনের অন্য ম্যাচে বার্সেলোনা স্ট্রাইকার আন্তোয়ান গ্রিজমানের হেড থেকে দেওয়া গোলে বসনিয়া-হার্জেগোভিনাকে ১-০ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। এ জয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষস্থান আরো পাকাপোক্ত করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। এছাড়া এদিনে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইতালি, স্পেন, ইংল্যান্ড ও ডেনমার্ক।

জার্মানির ডুসবার্গে প্রথমার্ধের যোগ করা সময়ে একটি সাধারণ ট্যাপ-ইন থেকে গোল করেন মেসেডোনিয়ার ৩৭ বছর বয়সি স্ট্রাইকার গোরান পান্দেভ। দ্বিতীয়ার্ধে ইকাই গুন্দোগান পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের ম্যাচে ফেরালেও ৮৫ মিনিটে বক্সের ভেতর প্রবেশ করে খুব কাছে থেকে গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগানকে পরাস্ত করে মেসিডোনিয়া মিডফিল্ডার এলিফ এলমাস। এ গোলেই ঐতিহাসিক এক জয়ের স্বাদ পায় উত্তর মেসেডোনিয়া। এ পরাজয়ে টেবিলের তৃতীয় স্থানে নেমে গিয়েছে ইয়াকিম ল্যুভের দল। খর্বশক্তির উত্তর মেসেডোনিয়া ও আর্মেনিয়া এগিয়ে আছে জার্মানদের চেয়ে।

ওদিকে আন্দ্রে রাবিওর ক্রসে মাথা ছুঁইয়ে করা গ্রিজমানের একমাত্র গোলে বসনিয়া-হার্জেগোভিনাকে হারিয়েছে দিদিয়ের দেশমের ফ্রান্স। আর ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরের শেষ সময়ের গোলে পোল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ইতালির পর একমাত্র দল হিসেবে সব ম্যাচ জিতে গ্রুপ টেবিলের শীর্ষস্থান দখল করে আছে ইংল্যান্ড। আর সব ম্যাচ না জিতলেও, বাকিদের চেয়ে অন্তত চার পয়েন্টে এগিয়ে থেকে নিজেদের গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে ফ্রান্স।    

বিশ্বকাপ বাছাই :প্রথম পর্ব

অস্ট্রিয়া    ০-৪ ডেনমার্ক

বসনিয়া   ০-১ ফ্রান্স

ইংল্যান্ড   ২-১  পোল্যান্ড

জার্মানি   ১-২  মেসিডোনিয়া

গ্রিস       ১-১  জর্জিয়া

লিথুনিয়া  ০-২ ইতালি

স্পেন      ৩-১ কোসোভো