জ্বালানিসাশ্রয়ী শিল্পের লক্ষ্যে বিজিএমইএ ও শ্রেডার চুক্তি

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২১:৪১

তৈরি পোশাকশিল্পে টেকসই জ্বালানি ও জ্বালানির দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুত্ বিভাগের অধীনস্ত শ্রেডার (টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিজিএমইএর অফিসে এ সমঝোতা স্বাক্ষর হয়। বিজিএমইএ সভাপতি ড. রুবানা হকের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত ঐ সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুত্, স্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী। এ সময় বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, জিআইজেড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর                  ড. এঞ্জেলিকা ফ্লেডারম্যান বক্তব্য দেন।

সমঝোতার আওতায় বিজিএমইএর সদস্যদের জ্বালানি সাশ্রয় বিষয়ে সচেতনতা বৃদ্ধি, জ্বালানিদক্ষতা ও নবায়নযোগ্য জ্বালানি ও শক্তি ব্যবহারে কারখানাগুলোর সামর্থ্য তৈরি, ছাদে সোলার প্রকল্প বাস্তবায়ন বিষয়ে কারখানাগুলোকে উদ্বুদ্ধকরণ ও এজন্য প্রয়োজনীয় তথ্য প্রদানের ব্যবস্থা করা, স্বল্পসুদে ঋণপ্রাপ্তি প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে যৌথ উদ্যোগ নেওয়া হবে।