কার্টনের ভেতর হাত-পা মুখ বাঁধা নারীর লাশ

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২১:৫৩

রাজধানীর ভাসানটেক থানা এলাকায় একটি কার্টনের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে মিরপুর-১৪ নম্বর সেকশনে অবস্থিত ঢাকা ডেন্টাল কলেজের সামনে থেকে ঐ মরদেহ উদ্ধার করা হয়। আনুমানিক দুই ফুট দৈর্ঘ্য ও উচ্চতার শক্ত কাগজের তৈরি কার্টনের ভেতর লাশটি স্কচটেপ দিয়ে হাত-পা ও মুখ বাঁধা ছিল।

ভাষানটেক থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, সকালে স্থানীয়রা ঢাকা ডেন্টাল কলেজের সামনের রাস্তায় কার্টনটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাদা টেপ দিয়ে মোড়ানো কার্টন খুলে তার ভেতর থেকে হাত, পা ও মুখ বাঁধা নারীর মরদেহ উদ্ধার করে।

ভাষানটেক থানার এসআই সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। তিনি লাশের বর্ণনা দিয়ে বলেন, গায়ের রঙ কালো, মাথার চুল প্রায় ১২ ইঞ্চি লম্বা এবং পরনে গোলাপি রঙের কামিজ ও বেগুনি রঙের সালোয়ার রয়েছে। দুই হাত পেটের দুই পাশে রেখে স্কচটেপ দিয়ে বাঁধা হয়েছে। দুই পা হাঁটু থেকে উপুড়ভাবে ভাঁজ করা হয়েছে। দুই পা, হাঁটু, উরুসহ ভাঁজ করে মুখণ্ডলের কাছে এনে পুরো মরদেহ স্কচটেপ দিয়ে পেঁচিয়ে কার্টনে ভরানো হয়েছে। তবে মৃতদেহের কোথাও রক্তাক্ত জখমের চিহ্ন নেই।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে কার্টনের ভেতরে ঢুকিয়ে রাস্তায় ফেলে যায়। সিআইডি ক্রাইম সিন হত্যার আলামত সংগ্রহ করেছে। তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জাতীয় পরিচয়পত্রের সার্ভার থেকে পরিচয় শনাক্ত করার কাজ চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।