করোনার প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে নেতাকর্মী, সমর্থকদের সমাগম ঘটে এ ধরনের সকল রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আপাতত স্থগিত করেছে বিএনপি। গতকাল দলের দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের উদাসীনতার ফলে কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি দ্রুত অবনতির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় জনগণ, নেতা কর্মী, সমর্থকদের সমাগম ঘটে-বিএনপির এ ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আপাতত স্থগিত করা হলো। তবে ফোন, সামাজিক গণমাধ্যম ও অ্যাপস্ ব্যবহারের মাধ্যমে নেতাকর্মীদের পারস্পরিক যোগাযোগ ও কার্যক্রম অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, করোনা ভাইরাসের ক্রমবর্ধমান অবনতির পরিপ্রেক্ষিতে বিএনপি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের উদাসীনতায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জনগণের স্বাস্থ্য নিরাপত্তা বিধানে দ্রুত কার্যকর ও বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানায় বিএনপি। জানা গেছে, বুধবার বিকেলে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে গত ২৪ মার্চ বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সব অনুষ্ঠান ৩০ মার্চ পর্যন্ত স্থগিত করে। গত বছরের মার্চ মাসের করোনা সংক্রমণের প্রাদুর্ভাব হলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম কয়েক মাস স্থগিত রাখা হয়।
