গোয়ালন্দে গুলিবিদ্ধ ইউপি সদস্য মারা গেছেন

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২২:২৫

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল গনি মণ্ডল নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা গেছেন। গত বুধবার রাত ১০টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত ৩টার দিকে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, ইউনিয়ন পরিষদের গেটের পাশের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা অতর্কিতভাবে তাকে উদ্দেশ্য করে গুলি করে। পেটের একপাশে গুলিবিদ্ধ হন। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গুলির ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।