ফরিদগঞ্জে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১৩:৫৫

চাঁদপুরের ফরিদগঞ্জে গতকাল বৃহস্পতিবার রাতে এক অটোরিকশা চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের সিএনজি চালক লতিফ খানের ছেলে মো. ফয়েজ খান (২০) অটোরিকশাসহ গত রবিবার (২৮ মার্চ) নিখোঁজ হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় উপজেলার ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের লামচর এলাকার কালি মন্দীরের নিকট একটি পরিত্যক্ত ঘর হতে হাত-পা বাঁধা নিখোঁজ ফয়েজের লাশটি উদ্ধার করা হয়।

পরিবারের লোকজন জানায়, রবিবার (২৮ মার্চ) অটোরিকশা নিয়ে ফয়েজ ফরিদগঞ্জ গিয়ে আর ফিরে আসেনি। তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ২৯ মার্চ ফরিদগঞ্জ  থানায় সাধারণ ডায়েরি করা হয়।

এ বিষয়ে ওসি (তদন্ত) বাহারউদ্দিন জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

ইত্তেফাক/এমআর