পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে ৩ সন্তানের এক জননীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি নির্জন বিলের মধ্যে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ৯টার দিকে ইউপি সদস্য নিলুফা বেগমের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে ৩ জন ওই নারীর মুখ চেপে ধরে নির্জন বিলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ভুক্তভোগীকে বিলের মধ্যে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।
ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার দুলাল সিকদার বলেন, ‘আমরা ভিকটিমকে নিয়ে থানায় এসেছি।’
চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাচ বলেন, ‘ধর্ষণের শিকার ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। এছাড়াও আইনানুগ সহায়তার জন্য থানায় যেতে বলেছি।’
বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, ‘ধর্ষণের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ইত্তেফাক/এএএম
