ইত্তেফাক ডেস্ক
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি না মারায় পথচারীসহ বিভিন্নজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে সকল প্রকার সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান সীমিত করার নির্দেশনা অমান্য করায় দুটি কমিউনিটি সেন্টার এবং সহস্রাধিক লোকের আয়োজনে বিবাহোত্তর অনুষ্ঠান করায় জরিমানা করা হয়েছে। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর।
নিকলী (কিশোরগঞ্জ): নিকলীর বিভিন্ন জনবহুল এলাকায় মাস্ক না পরায় ৪০ জনকে ৮ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে অভিযান পরিচালনা করে ঐ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না। এ সময় করোনা ভাইরাস সাম্প্রতিক সংক্রামণ বৃদ্ধি মোকবিলায় বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিতে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন তিনি।
ইসলামপুর (জামালপুর): ইসলামপুরের বটতলা চত্বরে বৃহস্পতিবার বিকালে ছয় পথচারীর কাছ থেকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
হোসেনপুর (কিশোরগঞ্জ): হোসেনপুর উপজেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাস্ক না পরায় ১০ পথচারীকে ১ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। হোসেনপুর পৌর সদর বাজারের হাসপাতাল মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ।
নকলা (শেরপুর): করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি আদেশ অমান্য ও স্বাস্থ্যবিধি না মেনে ৫০% এর অধিক যাত্রী বহন এবং অতিরিক্ত ভাড়া আদায় করায় বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা পৌর শহর এলাকায় ঢাকাগামী একটি ড্রিমল্যান্ড সার্ভিস বাসের চালককে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কমিউনিটি সেন্টার ও বিয়ে বাড়ি থেকে জরিমানা আদায়
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা): চান্দিনায় করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে বিয়ের আয়োজন করায় শুক্রবার দুপুরে তিন বিয়ে বাড়িতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঐ তিন বিয়ে বাড়ি থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন থানার ওসি শাসমউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ। অভিযানে চান্দিনা থানা সংলগ্ন কুটুম্ববাড়ি কমিউনিটি সেন্টারের মালিককে ৫ হাজার, পৌর আধুনিক কমিউনিটি সেন্টারের ইজারাদারকে ৫ হাজার এবং পৌরসভার ছায়কোট এলাকার এক বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
