মোল্লাহাটে সংঘর্ষে এক জনের মৃত্যু

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২১:৪৪

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে বৃহস্পতিবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আসাদ শেখ (৬০)। সংঘর্ষে আহত হয়েছেন আরো ১০ জন। এ সময় অন্তত ১৫/২০টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়। উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মীর মো. সাফিন মাহমুদ বলেন, চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের মামুন শেখ এবং কিবরিয়া শরীফের মধ্যে পূর্ব বিরোধ ছিল। ঘটনার দিন সন্ধ্যায় তাদের এক পক্ষের কবুতর উড়ে অন্যপক্ষের বাড়িতে যায়। অন্য পক্ষের বাড়িতে কবুতর যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন আধিপত্য বিস্তার করতে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঐ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গোপালগঞ্জ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আসাদ শেখ মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘাত এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।