বাগেরহাটে করোনা আক্রান্ত হয়ে আইনজীবীর মৃত্যু

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২১:৪৫

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। তার নাম আকরাম হোসেন (৭১)। শুক্রবার ভোরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে তার মৃত্যু হয়। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে বাগেরহাট জেলায় চিকিত্সক, আইনজীবী, সরকারি কর্মচারী, সাংস্কৃতিক কর্মীসহ মোট ২৭ জনের মৃত্যু হলো। আর আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০২ জন।

আইনজীবীর ছেলে বায়জীদ হোসেন বলেন, বাগেরহাট শহরের শালতলা হরিসভা লেনের বাসিন্দা আমার বাবা আকরাম হোসেন গত ১৯ মার্চ থেকে জ্বরে ভুগছিলেন। তখন বাড়িতে রেখেই চিকিত্সা চলছিল। বেশি অসুস্থ হওয়ায় ২৭ মার্চ বাগেরহাট সদর হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করি। সেখানে ভর্তির পর চিকিত্সকরা তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠালে করোনা পজিটিভ হয়। এখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা একশ শয্যার ডেডিকেটেড ইউনিটের মেডিক্যাল অফিসার ডা. সুমিত পাল বলেন, এখানে ভর্তির পর আকরাম হোসেন জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তাকে আইসিইউতে রেখে চিকিত্সা দেওয়া হচ্ছিল।