তিন কোটি মানুষের দেশ সৌদি আরবে বছরে গ্রেপ্তার ২৫ লাখ!

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২০:৩৬

সৌদি আরবে গেলো এক বছরে প্রায় ২৫ লাখ মানুষকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। বিভিন্ন ধরনের আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। খবর সৌদি রাজপরিবারের মালিকানাধীন পত্রিকা দৈনিক আরব নিউজের।

বেশিরভাগ মানুষ গ্রেপ্তার হয়েছেন, আবাসন, চাকরি, কাজ ও নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘন করার অভিযোগে। ২০১৭ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত মোট ২৫ লাখ ৪ হাজার ৩৭জনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতদের ১৯ লাখ ৪৯ হাজার ২৪ জন আবাসিক আইন, ৩ লাখ ৮৩ হাজার ৩৩ জন শ্রম আইন ও ১ লাখ ৭১ হাজার ৯৮০ জন নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন বলে জানানো হয়েছে।

আরব নিউজ জানায়, গ্রেফতার ব্যক্তিদের ৩ লাখ ৮৫ হাজার ৮৯৮ জনকে সাজা দেয়া হয়েছে। ৩ লাখ ৪৫ হাজার ৭৫ জনকে তাদের কূটনৈতিক মিশনে স্থানান্তরিত করা হয়েছে। ৪ লাখ ৩০ হাজার ২৭১ জনকে তাদের কাজ সম্পূর্ণ করতে পাঠানো হয়েছে। আর ৬ লাখ ৩৭ হাজার ৫০৭ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত বাকি প্রায় ৭ লাখ মানুষের’র ব্যাপারে কোন তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুনঃ ওয়াজ শুনতে আসা ছাত্রীকে পুলিশ সদস্যের ধর্ষণ!

সৌদি সরকারের প্রতিবেদন অনুযায়ী, মোট গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪১ হাজার ২৩৩ জনকে সীমান্ত দিয়ে সৌদিতে প্রবেশ প্রক্রিয়ায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। যাদের মধ্যে ৫১ শতাংশই ইয়েমেনের নাগরিক। তাছাড়া বাকি ৪৬ শতাংশ ইথিওপিয়া এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

যাদের মধ্যে ১ হাজার ৮৫২ জন সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশগুলো থেকে সৌদিতে প্রবেশের চেষ্টা করছিল। আর ৩ হাজার ৩০৫ জন এসব মানুষকে নিয়ে আসা ও আশ্রয় দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়।

ইত্তেফাক/টিএস