‘আমি অনেকটাই নার্ভাস হয়ে পড়েছিলাম’

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২১:৫০

বিনোদন ডেস্ক

 

একাধিক সিনেমার কাজ নিয়ে বর্তমানে দারুণ ব্যস্ত সময় পার করছে এ সময়ের জনপ্রিয় বলিউড তারকা কৃতি শ্যানন। এরইমধ্যে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে অর্জন করে নিয়েছেন প্রযোজকদের ভরসার জায়গা, জয় করেছেন ভক্তদের হূদয়। তারই ধারাবাহিকতায় কৃতির হাতে রয়েছে ‘গণপথ’, ‘বচ্চন পান্ডে’ ও ‘ভেদিয়া’সহ বিগ বাজেটের বেশ কয়েকটি সিনেমা। প্রতিটি সিনেমায়  ভিন্ন ভিন্নরূপে দেখা যাবে কৃতিকে। এর ভেতরে ‘গণপথ’ সিনেমাটিতে কৃতি প্রথমবারের মতো টাইগার শ্রফের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন। সিনেমাটিতে তাকে বেশকিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। আর সেই দৃশ্য ধারণের ক্ষেত্রেই ঘটলো বিপত্তি। টাইগারের মতো নিখুঁত একজন অভিনেতার সঙ্গে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে রীতিমতো নার্ভাস হয়ে পড়েছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি ভারতী গণমাধ্যমের এক সাক্ষাত্কারে এমনটাই জানিয়েছেন কৃতি।

 নিজের দুর্বলতা প্রকাশ করতে গিয়ে কৃতি বলেন, ‘এই সিনেমাটির দৃশ্য ধারণের অনেক বেশি সময় নিয়েছি। আমি অনেকটাই নার্ভাস হয়ে পড়েছিলাম। কারণ এই দৃশ্যগুলোর জন্য টাইগার খুবই নিখুঁত। আপনি যখন এমন একজন অভিনেতার সঙ্গে কাজ করবেন তখন নিজেকেও নিখুঁতভাবে তুলে ধরতে হবে। না হলে দর্শকরা ছুঁড়ে ফেলতে সময় নেবে না। আমার মনে হয়েছিল আমি ভালো না করতে পারলে টাইগার তার স্ট্যান্টগুলো ভালোভাবে করতে পারবে না। কো-আর্টিস্ট খারাপ করলে নিজেকে মেলে ধরা কঠিন হয়ে পড়ে। তবে অনেক পরিশ্রম করে কাজটি করতে পেরেছি। এ সময় টাইগার অনেক সহযোগিতা পরায়ণ ছিল।’

তবে নিজের এমন অবস্থার জন্য করোনা অনেকটা দায়ী বলে মনে করছেন কৃতি। কারণ সিনেমাটিতে অভিনয় করার জন্য নিজের ওজন কয়েক কেজি কমনোর দরকার ছিল। কিন্তু করোনার কারণে জিমে যেতে পারেননি তিনি। তাছাড়া নিজের বাড়িতেও জিম করার মতো সুব্যবস্থা ছিল না। তবে নিজের প্রচেষ্টায় প্রায় ১১ কেজি কমাতে পেরেছিলেন। যা এই দৃশ্যের জন্য যথেষ্ট ছিল না।

উল্লেখ্য, এই সিনেমাগুলোর কাজের মাঝেই রাজকুমার রাওয়ের সঙ্গে নতুন আরো একটি সিনেমায় দেখা যেতে পারে কৃতিকে।